(আজকের দিনকাল):গাজীপুর মহানগরীর টঙ্গীর আরিচপুরে একটি ফ্ল্যাট বাসায় দুই শিশুকে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতদের মাকে থানায় নিয়ে গেছে পুলিশ।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে আরিচপুরের রূপবানেরমার টেকের আটতলা বাড়ির একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
নিহত সহোদর দুই শিশুর মধ্যে বোন মালিহা (৬) ও ভাই আব্দুল্লাহর (৬)। তাদের বাবার নাম আব্দুল বাতেন মিয়া। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার তাতুয়াকান্দি গ্রামে। আব্দুল বাতেন টঙ্গীর রুপবানের টেকের এলাকার জনৈক আনোয়ার মিয়ার আটতলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে পরিবারের সদস্যদের নিয়ে বাস করতেন।
ঘটনার পর থানার উপপরিদর্শক (এসআই) বায়জিদ নেওয়াজ নিহত শিশু দু’টির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
স্থানীয়রা ও পুলিশ জানায়, শুক্রবার বিকেলে শিশুদের বাবা বাসার বাইরে যান। এ সময় দুই শিশুকে নিয়ে মা সালেহা বেগম বাসায় ছিলেন। কিছুক্ষণ পরে শিশুদের বাবা আব্দুল বাতেন বাসায় ফিরে কক্ষের মেঝেতে দুই শিশুর রক্তাক্ত লাশ দেখতে পান। পরে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পুলিশের খবর পাঠানো হয়।
খবর পেয়ে পুলিশ দুই শিশুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশের করা প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে শিশুদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, ‘দুইটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। হত্যার কারণ জানতে মা সালেহা বেগমকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা করা হবে।’
Leave a Reply