(আজকের দিনকাল):আসন্ন ঈদুল আজহার আগে কোরবানির পশুর হাট, পশু পরিবহনসহ বিভিন্ন খাতে চাঁদাবাজি ও অনিয়ম প্রতিরোধে পুলিশের বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে ঢাকায় একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালুর ঘোষণাও দিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপদ ঈদযাত্রা, কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা এবং ন্যায্যমূল্যে চামড়া বিপণনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদুল আজহার আগে সাত দিন এবং পরে সাত দিন পুলিশ হেডকোয়ার্টারে একটি মনিটরিং সেল কার্যকর থাকবে। ঈদকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। কোরবানির পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ মেশিন রাখা হবে এবং প্রয়োজন অনুযায়ী আনসার সদস্য মোতায়েন করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কোরবানির হাট, পশু পরিবহন কিংবা অন্য কোথাও চাঁদাবাজি ঠেকাতে একটি হটলাইন নম্বর চালু করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বডি ওর্ন ক্যামেরা দেওয়া হয়েছে, যাতে চাঁদাবাজি বা অনিয়মের ঘটনা নজরদারিতে রাখা যায়। পাশাপাশি সিভিল ড্রেসে গোয়েন্দা সংস্থার সদস্যরাও মাঠে থাকবেন। কোথাও চাঁদাবাজির ঘটনা নজরে এলে হটলাইনে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ঈদের আগে যাতে কোনো পোশাক শ্রমিকের বেতন বকেয়া না থাকে, সে বিষয়ে পোশাক খাতের মালিকদের অনুরোধ জানানো হয়েছে।