আজ ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সাংবাদিক নাদিম হত্যা: বাবুর সহযোগী আসলাম এক দিনের রিমান্ডে

(আজকের দিনকাল):জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর অন্যতম সহযোগী আসলাম মিয়াকে (৩৫) এক দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। বৃহস্পতিবার জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভির আহম্মেদ এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার সকালে বকশীগঞ্জ থানা পুলিশ আসামি আসলামকে জামালপুর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করে। পরে ডিবি পুলিশ তিন দিনের রিমান্ড চেয়ে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভির আহম্মেদের আদালতে হাজির করে।

বুধবার কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কামালেবার্তি গ্রামের ভুলো মিয়ার ছেলে আসলাম মিয়াকে গ্রেফতার করে পুলিশ।

বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানা জানান, গত ৩ জুলাই গ্রেফতার আসামি নয়ন মিয়ার স্বীকারোক্তি ও প্রত্যক্ষদর্শীদের জবানবন্দিতে নাদিম হত্যাকাণ্ডে আসলাম মিয়ার সম্পৃক্ততা পায় পুলিশ। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি মামলার বাদীপক্ষের আইনজীবী ইউসুফ আলী নিশ্চিত করেছেন।

উল্লেখ, গত ১৪ জুন পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে পৌর শহরের সরকারি কিয়ামত উল্লাহ কলেজ মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। প্রথমে তাকে বকশীগঞ্জ হাসপাতালে ও পরে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ১৫ জুন চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাংবাদিক নাদিম।

এ ঘটনায় নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০-২৫ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা করেন। আলোচিত এ হত্যাকাণ্ডের ঘটনায় সারা দেশে প্রতিবাদের ঝড় উঠে।

আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে প্রধান আসামিসহ ১৩ জনকে গ্রেফতার করে। সবাইকে বিভিন্ন মেয়াদে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ১৩ জনের মধ্যে প্রধান আসামি মাহমুদুল আলম বাবু, মনিরুজ্জামান মনির ও রেজাউল হত্যার দ্বায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ