(আজকের দিনকাল) : রাজধানীর কলাবাগান থানার নিখোঁজ উপপরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকারকে (৩২) ২৩ দিন পর উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গবাজারে সরকারি কর্মচারী হাসপাতাল এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক আজকের দিনকালকে বিষয়টি নিশ্চিত করেন।
ফজলে আশিক বলেন, আজ সকাল সাড়ে ৭টার দিকে এসআই রাকিবুলকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি বলেন, রাকিবুলের বিরুদ্ধে কিছু অনিয়মের অভিযোগ ছিল। তবে কী কারণে নিখোঁজ ছিলেন, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এর আগে গত ২৮ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে কাঁঠালবাগান ব্যারাকে রাত্রিকালীন দায়িত্ব পালনের জন্য সাধারণ পোশাকে বের হন রাকিবুল। এরপর আর থানায় ফেরেননি। ওই দিন থেকেই তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছিল।
এ ঘটনায় কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল এবং তাঁর সন্ধান চেয়ে দেশজুড়ে সমস্ত থানায় বার্তা পাঠানো হয়। ২৩ দিন নিখোঁজ থাকার পর অবশেষে আজ তাঁর সন্ধান মিলল।
এসআই রাকিবুলের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার বাপ্তা গ্রামে।