আজ ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জে থানায় অগ্নিসংযোগ, ১৩ পুলিশ নিহত

(আজকের দিনকাল):সরকারের পতনের দাবিতে ছাত্র-জনতার এক দফা আন্দোলনের সময় সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় হামলা চালিয়ে ১৩ পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে।

রোববার সন্ধ্যায় রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন) মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এনায়েতপুর থানা এখনো অরক্ষিত। পুলিশ সদস্যরা থানায় ঢুকতে পারছে না। গাছ দিয়ে সড়ক অবরোধ করে রাখা হয়েছে।

সিরাজগঞ্জের এসপি আরিফুর রহমান মণ্ডল জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। বর্তমানে সেখানে সেনাবাহিনী কাজ করছে।

এদিকে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো বার্তায় বলা হয়, সন্ত্রাসী হামলায় সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ১৩ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানায় হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়াও সিরাজগঞ্জের রায়গঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে সহিংসতায় সাংবাদিকসহ চারজন নিহত হয়েছেন। রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম তৌহিদ বলেন, সংঘর্ষের ঘটনায় রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে তিনজনকে মৃত অবস্থায় এবং একজনকে আহত অবস্থায় নিয়ে আসলে এখানে তার মৃত্যু হয়। -ডেস্ক

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ