(আজকের দিনকাল): প্রতিরক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন—ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিজাব) দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক খবরের কাগজের বিশেষ প্রতিনিধি আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক পদে চ্যানেল আইয়ের জয়েন্ট অ্যাসাইনমেন্ট এডিটর তারিকুল ইসলাম মাসুম নির্বাচিত হয়েছেন। আলমগীর হোসেন বিদায়ী কমিটিরও সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি অভিজাত রিসোর্টে সংগঠনের নতুন নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে সেখানে সদস্যদের অংশগ্রহণে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। সভায় আগের কমিটির কাঠামোগত আকার কমিয়ে ১১ সদস্যবিশিষ্ট নতুন নির্বাহী কমিটি নির্বাচন করেন সদস্যরা।
নবনির্বাচিত অন্যরা হলেন—সহসভাপতি পদে বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি জামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক পদে ঢাকা ট্রিবিউনের চিফ রিপোর্টার আলী আসিফ শাওন, অর্থ সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার কাজী সোহাগ, সাংগঠনিক সম্পাদক পদে রূপালী বাংলাদেশের সিনিয়র রিপোর্টার সাইফ বাবলু, দপ্তর সম্পাদক (প্রচার ও প্রশিক্ষণ) পদে দ্য নিউজ টুয়েন্টিফোর ডটকমের বিশেষ প্রতিনিধি কামাল হোসেন তালুকদার, আন্তর্জাতিক সম্পাদক পদে অলক্রাইমস.টিভির সম্পাদক হাবিবুল্লাহ মিজান। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সিটিজেন জার্নালের বিশেষ প্রতিনিধি আয়নাল হোসেন, দৈনিক নয়াদিগন্তের সিনিয়র রিপোর্টার এস এম মিন্টু এবং ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার মনি আচার্য।
তিন সদস্যের ডিজাব নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের সাবেক সভাপতি মামুনুর রশীদ। অপর দুই সদস্য হলেন ডিজাবের সিনিয়র সদস্য ও দেশকাল নিউজের অ্যাসাইনমেন্ট এডিটর মাসুদ করিম এবং ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইজ্যাব) সভাপতি ও দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার নেসারুল হক খোকন। পরে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করে।
অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহম্মদ উল্লাহর সঞ্চালনায় মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে রাষ্ট্রের নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতের আধুনিকায়ন এবং সক্ষমতা বৃদ্ধিসহ নানা বিষয়ে লেখালেখির মাধ্যমে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।-ডেস্ক
Leave a Reply