মোঃ বেল্লাল হোসাইন নাঈম,(আজকের দিনকাল) :নোয়াখালী সরকারি কলেজে শিক্ষকদের ওপর হামলা, হত্যার হুমকি ও অধ্যক্ষের কক্ষে ভাঙচুরের অভিযোগের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রায়হান উদ্দিনের নেতৃত্বে মানববন্ধনে অংশ নেন সমাজবিজ্ঞান বিভাগের আশরাফুল ইসলাম মারুফ, আবু সুফিয়ান, ইসলাম শিক্ষা বিভাগের আকলিমা আক্তার ও মুমতাহিনা আক্তারসহ প্রায় ৪০ থেকে ৫০ জন শিক্ষার্থী।
মানববন্ধনে বক্তারা বলেন, পিতৃতুল্য শিক্ষকদের সঙ্গে এমন আচরণ অত্যন্ত লজ্জাজনক। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এদিকে, মানববন্ধনকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়, ছাত্রশিবিরের ইন্ধনে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে। মানববন্ধন চলাকালে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাবিদের নেতৃত্বে একদল নেতাকর্মি উপস্থিত হয়ে দাবি করেন, এতে অংশগ্রহণকারীদের বেশিরভাগই শিবিরের কর্মি-সমর্থক। যারা সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করছে। এ সময় কলেজ প্রশাসনিক ভবনের সামনে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান দিলে উত্তেজনা সৃষ্টি হলেও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
Leave a Reply