আজ ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে যুবক নিহত

(আজকের দিনকাল):বরিশালের গৌরনদীতে বরিশালগামী হানিফ পরিবহণের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একাধিকবার উল্টে খেয়ে খাদে পড়ে সেলিম রেজা (৩৮) নামে এক বাস যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় বাসের ১৫ যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বেঁজহার গ্রামে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত ১০ জনকে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত সেলিম রেজা যশোর জেলার মনিরামপুর থানার দুর্বাডাঙ্গা গ্রামের আবদুর রশিদ মাস্টারের ছেলে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানান, ঢাকা থেকে ৩০-৩৫ জন যাত্রী নিয়ে হানিফ পরিবহণের একটি বাস গৌরনদীর বেজহার এলাকা বেপরোয়া গতিতে অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারায়। পরে একাধিকবার উল্টে রাস্তার পাশের খাদে পড়ে। এতে বাসটির ছাদ ও বডি পৃথক হয়ে দুই জায়গায় পড়ে থাকে। এতে বাসের যাত্রী সেলিম রেজা ঘটনাস্থলেই নিহত ও ১৫ যাত্রী আহত হন।

খবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ও গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। উদ্ধার অভিযানের কারণে মহাসড়কে প্রায় ঘণ্টাব্যাপী যানবাহন চলাচল বন্ধ ছিল।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ