(আজকের দিনকাল):পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিয়েছে বুথফেরত জরিপগুলো। অনেক ক্ষেত্রে এগিয়ে রাখা হয়েছে বিজেপিকে। গত এক দশকে এ ধরনের জরিপে অনেকবারই ভুল হয়েছে, বিশেষত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। এ কথা মাথায় রেখে বলা যেতে পারে, এসব জরিপ আগামী ৪ মে ঠিক প্রমাণিত হলে পশ্চিমবঙ্গের নির্বাচনী ইতিহাসে তা হবে একটা রেকর্ড।
কারণ, স্বাধীনতার পর থেকে প্রায় কখনোই পশ্চিমবঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়নি। পশ্চিমবঙ্গের মানুষ ১৯৫২ সালের প্রথম নির্বাচন থেকে প্রায় সব সময়ই নির্দিষ্টভাবে একটি দলের পক্ষে ভোট দিয়েছেন।
এর ব্যতিক্রম হয়েছে ১৯৭১ সালে। তখন প্রকৃত অর্থেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। একদিকে জ্যোতি বসুর নেতৃত্বাধীন সিপিআই-এম (কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া-মার্ক্সিস্ট) পেয়েছিল ১১৩ আসন, অন্যদিকে কংগ্রেস পেয়েছিল ১০৫ আসন। ওই সময় এই ফলের নানা কারণ ছিল। যেমন—খাদ্যসংকট ও তা নিয়ে আন্দোলন, কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া বা সিপিআই ভেঙে সিপিআই-এম গঠন বা জাতীয় কংগ্রেস ভেঙে বাংলা কংগ্রেস গঠন, পূর্ব পাকিস্তান থেকে শরণার্থী প্রবেশ এবং পশ্চিমবঙ্গের শহর ও গ্রামে তাদের ধরে বামপন্থী আন্দোলনের বেড়ে ওঠা, কংগ্রেসের সঙ্গে বামপন্থীদের রক্তাক্ত সংঘাত, রাজ্যজুড়ে ছাত্র আন্দোলন, নকশাল আন্দোলন এবং সেই আন্দোলনকে ঘিরে ধারাবাহিক সংঘাতের জেরে ১৯৬৭ থেকে ১৯৭১ সালের মধ্যে তিনটি নির্বাচন অনুষ্ঠিত হয়।
Leave a Reply