(আজকের দিনকাল):যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এর সঙ্গে বৃহৎ চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বহর সম্প্রসারণ ও আধুনিকায়নের অংশ হিসেবে ৩৭ হাজার কোটি টাকায় ১৪টি নতুন উড়োজাহাজ কেনার এই চুক্তি বৃহস্পতিবার সই হয়েছে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় বাংলাদেশ বিমান আটটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং চারটি ৭৩৭-৮ ম্যাক্স উড়োজাহাজ আনবে। এসব উড়োজাহাজের তালিকামূল্য প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ হাজার কোটি টাকার সমান। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বোয়িংয়ের কমার্শিয়াল এয়ারপ্লেনসের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেন্সেনসহ সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি, কূটনীতিক ও এভিয়েশন খাতসংশ্লিষ্টরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, এই চুক্তি বাংলাদেশের আঞ্চলিক বিমান যোগাযোগে নতুন যুগের সূচনা করবে এবং দেশের বিমান পরিবহন সক্ষমতা বাড়াতে বড় ভূমিকা রাখবে।
বেসামরিক বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, এটি কেবল একটি বাণিজ্যিক চুক্তি নয়, বরং দেশের এভিয়েশন অবকাঠামো, কর্মসংস্থান ও আন্তর্জাতিক সংযোগ বৃদ্ধির একটি কৌশলগত পদক্ষেপ।
Leave a Reply