(আজকের দিনকাল):মাদক সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। এটি শুধু একজন মানুষকেই ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তরুণ সমাজকে রক্ষায় এবং মাদকের ভয়াল থাবা থেকে দেশকে মুক্ত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়ায় পরিচালিত হয়েছে আরেকটি সফল মাদকবিরোধী অভিযান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, “ক” সার্কেল কুষ্টিয়ার অভিযানে ৫০ বোতল কোডিন মিশ্রিত ফেনসিডিল সহ ০১ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি মোছা: শিখা খাতুন (৪৮), স্বামী- মোঃ আমির হোসেন, পিতা- মোঃ রশিদ প্রামানিক, সাং- বাংলাবাজার দক্ষিণ রামচন্দ্রপুর পূর্বপাড়া, থানা- পাবনা সদর, জেলা- পাবনা।
অভিযানটি পরিচালিত হয় ০৭ মে ২০২৬ ইং তারিখ সকাল ০৮:০০টা থেকে ০৮:৩০টা পর্যন্ত কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন চৈতন্য মোড় এলাকায়।
অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জনাব মোঃ আবুল কালাম আজাদ। তার সাহসী ও তৎপর ভূমিকার মাধ্যমে আসামির কাছ থেকে ৫০ বোতল কোডিন মিশ্রিত ফেনসিডিল উদ্ধার করা হয়। পরবর্তীতে তিনি বাদী হয়ে ভেড়ামারা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়ার উপ-পরিচালক মোঃ আসলাম হোসেন জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকমুক্ত করতে প্রশাসনের কঠোর অবস্থান ভবিষ্যতেও বহাল থাকবে।