(আজকের দিনকাল):দিনাজপুর প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি বরাবর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদ সাংবাদিক মোঃ নুর ইসলামের সদস্যপদ বাতিলের আবেদন করেছেন দিনাজপুর মহিলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (DWCCI)-এর সভাপতি।
অভিযোগ সূত্রে জানা গেছে, “দিনাজপুর মহিলা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি সাফা গ্রেফতার” শিরোনামে আপনার অধীনস্থ সাংবাদিক মোঃ নুর ইসলাম কর্তৃক গত ৫ এপ্রিল ২০২৬ তারিখে একটি স্থানীয়/অনলাইন গণমাধ্যমে দিনাজপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (DWCCI)-এর নাম ব্যবহার করে প্রকাশিত সংবাদের প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে।
উক্ত সংবাদের তথ্যসমূহ সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। এতে প্রতিষ্ঠানের কার্যক্রম, প্রশিক্ষণ কার্যসূচি এবং আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে যে অভিযোগ উত্থাপন করা হয়েছে, তা বাস্তবতার সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়।
দিনাজপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (DWCCI) দীর্ঘদিন ধরে নারীদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ প্রদান এবং উদ্যোক্তা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমাদের সকল কার্যক্রম স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সরকারি বিধি-বিধান অনুসরণ করেই পরিচালিত হয়ে থাকে।
সম্প্রতি, দিনাজপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির তত্ত্বাবধানে কারিগরি শিক্ষা অধিদপ্তরের ASSET প্রকল্পের আওতায় উত্তরবঙ্গের ২৫টি প্রতিষ্ঠানের মাধ্যমে ৩০টি ব্যাচে এন্টারপ্রাইজ বেজড প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার অনুমতি প্রদান করা হয়। এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো হাতে-কলমে শিক্ষা প্রদান করে স্বল্প সময়ে যুবসমাজকে দক্ষ করে গড়ে তোলা এবং তাদের সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
প্রশিক্ষণ কার্যক্রমের আর্থিক কাঠামো সম্পূর্ণভাবে প্রকল্পের নির্ধারিত শর্ত অনুযায়ী পরিচালিত হয়। প্রশিক্ষণ শেষে কেবলমাত্র যোগ্য (কম্পিটেন্ট) প্রশিক্ষণার্থীরাই প্রশিক্ষণ ও যাতায়াত ভাতা প্রাপ্ত হন, যা তিন ধাপে সরাসরি সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবের মাধ্যমে পরিশোধ করা হয়। প্রশিক্ষণার্থী, প্রশিক্ষক, প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান (STP) এবং ইন্ডাস্ট্রি পার্টনার—সকলের প্রাপ্য অর্থ প্রকল্প দপ্তর থেকেই সরাসরি তাদের নিজ নিজ হিসাবে প্রেরণ করা হয়।
উল্লেখ্য, একটি ব্যাচের নির্দিষ্ট সংখ্যক প্রশিক্ষণার্থী দক্ষতা অর্জন করলে প্রকল্প দপ্তর থেকে মোট বরাদ্দের ৮০% অর্থ ছাড় করা হয় এবং অবশিষ্ট ২০% অর্থ প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানের তথ্য যাচাই সাপেক্ষে পরবর্তীতে প্রদান করা হয়।
এই প্রেক্ষিতে, আমাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রকল্পের শর্ত পূরণ না হওয়ায় এখন পর্যন্ত আমরা উক্ত কার্যক্রম বাবদ কোনো অর্থই গ্রহণ করিনি। সুতরাং, অর্থ প্রাপ্তির পূর্বেই আত্মসাতের অভিযোগ আনা সম্পূর্ণ অসত্য এবং বিভ্রান্তিকর।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এ ধরনের অপপ্রচার কেবল ব্যক্তিগতভাবে আমাদেরকে হেয় করার উদ্দেশ্যেই নয়, বরং নারীর অগ্রযাত্রা ও ক্ষমতায়নের পথকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা। তবে এ ধরনের মিথ্যা প্রচারণা কখনোই সত্য ও উন্নয়নের অগ্রযাত্রাকে থামাতে পারবে না।
দিনাজপুর প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি মহোদয়ের নিকট প্রতিষ্ঠানের পক্ষ থেকে জোর দাবি করেছেন। যথাক্রমেঃ
১) প্রকাশিত মিথ্যা ও মানহানিকর সংবাদটি অবিলম্বে প্রত্যাহার করে যথাযথভাবে প্রতিবাদ প্রকাশ করা হোক।
২) সংশ্লিষ্ট সাংবাদিক মোঃ নুর ইসলামের দিনাজপুর প্রেস ক্লাবের সদস্যপদ বাতিল করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।
এছাড়াও, মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অধিকার আমরা সংরক্ষণ করছি।
ধন্যবাদান্তে,
মোছা. জান্নাতুস সাফা শাহীনুর
সভাপতি
দিনাজপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (DWCCI)