(আজকের দিনকাল): বাংলাদেশে হকির দুর্দশা, দৈনতার কথা কারোর অজানা নয়। আর্থিক সংকটে ঘরোয়া লিগ হয় না। ক্লাবগুলো ফেডারেশনরকে ঠিকমতো সহযোগিতা করে না। এতে করে দেশের হকি দিনকে দিন পিছিয়ে যাচ্ছে। মাঝে আন্তর্জাতিক অঙ্গনে কিছু অপ্রত্যাশিত সাফল্য এলে এর ধারাবাহিকতা থাকে না।
এই যেমন কিছু দিন আগে জাতীয় দলের মেয়েরা এশিয়ান গেমস হকি বাছাইপর্বে দারুণ খেলে রানার্সআপ হয়েছে। গত বছর ছেলেদের অনূর্ধ্ব-২১ দল যুব বিশ্বকাপে ভালো খেলেছে। একইভাবে গত বছর অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে মেয়েরা ব্রোঞ্জ জিতেছে। হকির অম্ল-মধুর সাফল্যের পরও গতকাল দারুণ এক ঘটনা ঘটেছে।
হকির পাশে এসে দাঁড়িয়েছে ইপিলিয়ন গ্রুপ ও সেইলর। সামনে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ দল (ছেলে-মেয়ে) জাপানে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ খেলতে যাবে। ২৯ মে থেকে টুর্নামেন্ট শুরু হবে, চলবে ৬ জুন পর্যন্ত। আসন্ন এই টুর্নামেন্টে অফিসিয়াল স্পন্সর হিসেবে থাকছে ইপিলিয়ন ও সেইলর।
গতকাল হকি ফেডারেশন এবং ইপিলিয়ন গ্রুপ ও দেশে সেরা ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড সেইলরের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। টুর্নামেন্ট যাতে সফল হয়, ছেলে-মেয়েরা ভালো পারফরম্যান্স করতে পারে সেজন্য ইপিলিয়ন গ্রুপ ও সেইলর মোট ১ কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করবে।
এই সহায়তার আওতায় থাকবে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ভ্রমণ ব্যয়, আবাসন, খাবার, টিম কিট, ইউনিফর্ম, সরঞ্জাম, প্রশিক্ষণ প্রস্তুতি এবং টুর্নামেন্ট সম্পর্কিত অন্যান্য ব্যয়।
এই উদ্যোগের মাধ্যমে ইপিলিয়ন গ্রুপ ও সেইলর দেশের তরুণ ক্রীড়া প্রতিভা বিকাশ, জাতীয় ক্রীড়াঙ্গনের অগ্রগতি এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্বকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে। নারী ও পুরুষ উভয় অনূর্ধ্ব-১৮ দলকে সমানভাবে সহায়তার মাধ্যমে এই অংশীদারত্ব তরুণ খেলোয়াড়দের আত্মবিশ্বাস ও জাতীয় গৌরবকে আরও উজ্জীবিত করবে।
স্পন্সরশিপের অংশ হিসেবে ম্যাচ জার্সি, প্র্যাকটিস জার্সি, ট্রাউজার, ট্রাভেল পোলো ও টি-শার্টের সামনে সেইলর ও ইপিলিয়ন গ্রুপের লোগো প্রদর্শিত হবে। পাশাপাশি ব্যানার, ব্যাকড্রপ, প্রচারসামগ্রী, প্রেস রিলিজ, সোশ্যাল মিডিয়া এবং অফিসিয়াল যোগাযোগ মাধ্যমেও এই অংশীদারত্বের ব্র্যান্ডিং থাকবে।
আসর সামনে রেখে বিকেএসপিতে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৮ ছেলে ও মেয়ে দলের অনুশীলন। বিকেএসপির দুই পরিচিত কোচ জাহিদ হোসেন রাজুর অধীনে মেয়েরা এবং মওদুদুর রহমান শুভর অধীনে ছেলেরা অনুশীলন করছে।
তবে মেয়েদের পূর্ণ দল নিয়ে এখনও অনুশীলন শুরু করতে পারেননি রাজু। এশিয়ান গেমস থেকে খেলে আসা ৮ জন মেয়ে আছে অনূর্ধ্ব-১৮ দলে। এরা বর্তমানে ছুটিতে রয়েছে। আগামী ৫ মে ক্যাম্পে যোগ দেওয়ার পর ৬ মে অনুশীলন করবে তারা।
বিকেএসপি থেকে মোবাইল ফোনে সময়ের আলোকে এমন তথ্যই জানান মেয়েদের কোচ জাহিদ হোসেন রাজু।
তিনি বলেন, গতবার আমাদের মেয়েরা এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিল। এবার কিছুটা কঠিন হবে। কারণ আমাদের দলে চীন, জাপান, চাইনিজ তাইপের মতো শক্তিশালী দল পড়েছে। তারপরও আমি আশাবাদী আমার মেয়েরা হতাশ করবে না। ভালো খেলাই উপহার দেবে।-ডেস্ক